নতুন`রা কোন জাতের ছাগল নিয়ে খামার শুরু করবেন? আলোচনায় ফেরিওয়ালা এগ্রো ফার্ম। Feriwala Agro Farm

নতুন উদ্যোক্তাদের প্রথম প্রশ্নঃ কোন জাতের ছাগল দিয়ে ফার্ম শুরু করবো অথবা কোন জাতের ছাগল পালন লাভজনক? 

এই প্রশ্নের উত্তরটা অনেকটা বিতর্কিত। যার যে জাত ভালো লাগে সে সেটা নিয়ে কাজ করতে পারেন এটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আর লাভের চিন্তা না করে  কিভাবে লস ঠেকানো যায় আগে সেই চিন্তা করুন।

এখন যদি প্রশ্ন করেন আমি কোন জাত গুলো নিয়ে কাজ করি আর কোন জাত নিয়ে কাজ করি না? সেই প্রশ্নের সাইন্টিফিক এবং কিছু যৌক্তিক ব্যাখ্যা আমার কাছে রয়েছে সেটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করতে পারি।

আমি কাজ করি বোয়ার, বিটল এবং হরিয়ানা কোটা জাতের ছাগল নিয়ে।

তাহলে ব্ল্যাক বেঙ্গল তোতাপুরি এগুলো কেন নয়? এই প্রশ্নের উত্তরে পরে আসছি আগে যেগুলো নিয়ে কাজ করি এর যৌক্তিক আলোচনাগুলো করা যাক। 

বোয়ার:

এটি মাংস উৎপাদনের জন্য বিশ্বের এক নম্বরের ছাগলের জাত । সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এই প্রজাতির ছাগল পালন করা হয় কারণ এটি সবচেয়ে দ্রুত ওজন বাড়ে। প্রতিদিন ২০০ থেকে ২৫০ গ্রাম পর্যন্ত ওজন বৃদ্ধি হয় এই জাতের ছাগলের।  বাংলাদেশ ব্যতীত বহির্বিশ্বের সবার এই ছাগলের প্রতি চাহিদা বেশি কারণ তাদের মাংস উৎপাদন প্রয়োজন। বাংলাদেশে অবশ্য এগুলোর প্রয়োজন পড়ে না কারণ এখানে বিক্রি হয় ছাগলের উচ্চতা, চোখ, লম্বা কান, গায়ের রং, মুখের ব্যান এগুলো।

গবেষণায় দেখা গেছে  বোয়ার জাতের ছাগল সবচেয়ে বেশি তাপ এবং সবচেয়ে বেশি শীত সহ্য করতে পারে অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে এরা অভ্যস্ত। আমি আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি:  একই জায়গায় একই খাবার এবং একই পরিবেশে একই সাথে যেখানে ব্ল্যাক বেঙ্গল থেকে শুরু করে অন্য সকল জাতের ছাগল অসুস্থ হয়ে গিয়েছে, সেখানে শেষ পর্যন্ত বোয়ার জাতের ছাগল সুস্থ অবস্থায় দাঁড়িয়ে ছিল অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সবার চেয়ে বেশি। অন্যান্য জাতের ছাগলের চেয়ে এর মেডিসিন খরচ প্রায় ৯৫ শতাংশ কম। 

এদের খাবারের প্রতি রুচি অন্য সকল ছাগলের চেয়ে বেশি অর্থাৎ এর সামনে শুকনো ভেজা বাসি খাবার যেটাই দেন না কেন, অন্য জাতের ছাগল যেগুলো খায় না অথবা ওয়েস্টেজ করে ফেলে দেয়, ওইগুলো পর্যন্ত বোয়ার ছাগল খেয়ে পরিষ্কার করে ফেলে। এই জাতের ছাগল যে কোন খাবার খেয়ে জীবনধারণ করতে পারে যার ফলে দ্রুত ওজন বাড়ে। 

বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে যে, উন্নত ব্লাড লাইনের বোয়ার ছাগলের প্রজনন ক্ষমতা অনেক বেশি অর্থাৎ প্রতি প্রজননে দুই থেকে চারটি পর্যন্ত বাচ্চা দেয়। এবং একটি বাচ্চা এক বছরে ৭০ থেকে ১০৫ কেজি পর্যন্ত ওজন অর্জন করে থাকে। অর্থাৎ যদি দুইটা বাচ্চাও হয় তাহলেও এক বছর পরে আপনি ২১০ কেজি ওজন পেয়ে যাবেন। এক বছর বয়স পর্যন্ত প্রতিমাসে গড়ে কাঁচা খাস ও ভুসি মিলিয়ে একটি ছাগল সর্বোচ্চ প্রায় ১৫০০ টাকার খাবার খাবে। তবে এটা ১২০ থেকে ১৩০ কেজি ওজন হওয়ার পরে আর তেমন ওজন বৃদ্ধি হয় না অর্থাৎ এটাই এই জাতের ছাগলের ওজনের লাস্ট স্টেজ। 

জাতিগতভাবে এই ছাগল অত্যন্ত ফ্রেন্ডলি স্বভাবের, মানুষের সাথে এর বোঝাপড়া অত্যন্ত চমৎকার। আপনি নতুন একটি ছাগল ক্রয় করে বাড়িতে নিয়ে আসলে বুঝতেই পারবেন না যে, এটা আজকে নিয়ে আসা হয়েছে। আপনার মনে হবে হয়তো এটা প্রথম থেকে আপনার কাছেই ছিল। অর্থাৎ এটি পালনেও তেমন কোন হ্যাচাল পোহাতে হবে না।

তাহলে সারাংশ যেটা দাঁড়ালো: 

১. বোয়ার ওজন বৃদ্ধিতে বিশ্বের এক নাম্বার।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি।

৩. সবচেয়ে বেশি প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতি সহ্য করতে পারে।

৪. অন্যান্য ছাগলের তুলনায় প্রায় 95% ঔষধ খরচ কম।

৫. প্রজনন ক্ষমতা বেশি বা বাচ্চা বেশি দেয়।

৬. খামারীর সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করে অর্থাৎ এটি পালন সবচেয়ে সহজ। 

 ৭. দুধ উৎপাদনে এটি অন্য অন্য ছাগলের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে।

৮. উচ্চতায় অনেক কম। 

বোয়ার জাতের ছাগল এটা অত্যন্ত দামি বা ব্যয়বহুল একটি ছাগল। এটা মূলত সাউথ আফ্রিকার একটি জাত। বিদেশ থেকে ফুল ব্লাড বোয়ার ছাগল নিয়ে আসতে শিপিং ও অন্যান্য কস্ট মিলিয়ে এক একটি ছাগল প্রায় ৫ লাখ টাকার উপরে দাম পড়ে যায়। বাংলাদেশে কোয়ালিটিতে “বি” গ্রেডের বোয়ার ছাগলের কয়েকটি খামার আছে এবং এগুলোর পাওয়া যায় প্রায় ৬০-৭০ হাজার, ১ লাখ-১.৫ লাখ টাকায়। এগুলো অন্যান্য জাতের চেয়ে যথেষ্ট ভালো তবে গ্রোথটা কিছুটা কম। এরমধ্যে ফেরিওয়ালা এগ্রো ফার্ম অর্থাৎ আমার ফার্মেও কয়েকটি রয়েছে। আমাদের ফার্মে এগুলোর বাচ্চা বিক্রি হয় ৩৫, ৪০ বা ৪৫ হাজার টাকা প্রতি পিস কোয়ালিটি ভেদে দামের পার্থক্য হয়ে থাকে। পৃথিবীতে বোয়ার ছাগলের প্রায় ১৭টি ভ্যারিয়েন্ট আছে। 

সব মিলিয়ে নতুন খামারিদের জন্য সবচেয়ে নিরাপদ যাত্রা হতে পারে বোয়ার জাতের ছাগল দিয়ে।

বিটল জাতের ছাগল


ছাগলের জাতগুলোর মধ্যে এটি পৃথিবীর সর্ববৃহৎ জাতের ছাগল। সাধারণ বিটল ছাগলের গড় ওজন ৬০ থেকে ৭০ কেজি হলেও পাকিস্তান ও ইন্ডিয়াতে এর সর্বোচ্চ ওজন এখন পর্যন্ত ৩১৪ কেজি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এবং এর দুধের রেকর্ডও সর্বোচ্চ প্রায় ১৩ কেজি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এর উচ্চতা ও সর্বোচ্চ ৬০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। 

এটি মাংস উৎপাদনের জন্য বেশ ভালো একটি জাত এবং বৃহৎ আকারের বা বড় ছাগল তৈরির জন্য বিখ্যাত একটি জাত। এটি প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৭০ গ্রাম পর্যন্ত ওজন অর্জন করতে পারে তবে উন্নত পরিচর্যা ও পরিবেশে এর চেয়েও কিছুটা বেশি হতে পারে। 

বিটল ছাগল দেশীয় নরম ও চিকন কাঁচা ঘাস খেতে পছন্দ করে তবে কিছু খাবারে এর রেস্ট্রিকশন রয়েছে। এটি অবশ্যই উন্নত বা ভালো পরিবেশে পালন করতে হবে, ভাঙাচোরা নরমাল পরিবেশে এটি খাপ খাইয়ে নিতে পারে না। অন্যান্য জাতের ছাগলের তুলনায় এই জাতের ছাগলের খাবার পরিমানে কিছুটা বেশি লাগে।

বিটল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম, গরম কিছুটা সহ্য করতে পারলেও ঠান্ডার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হয়। এই ছাগল পালনে নিয়মিত কৃমি মুক্ত করুন ও অন্যান্য ভ্যাকসিনাইজড করতে হবে। এর মেডিসিন খরচ অন্যান্য সকল উন্নত জাতের ছাগলের মতই।এক কথায় একে উন্নত পরিবেশ এবং মানসম্মত ভালো খাবার ও নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করলে আল্লাহর রহমতে এটিও আপনার খামারের বড় সাফল্যের এনে দিতে পারে। 

বিটল ছাগল দুধ উৎপাদনে খুবই চমৎকার ভূমিকা রাখে। ভালো মানের বিটল-ছাগল প্রতিদিন ৪.৫ কেজি থেকে ৭ কেজি পর্যন্ত দুধ দেয়। এর প্রজনন ক্ষমতাও মোটামুটি ভালই, প্রতি প্রজননে গড়ে ২টি করে বাচ্চা দেয়। যদি ভালো মানের মা ছাগল হয়ে থাকে তবে বাচ্চাগুলোর খুবই দ্রুত ওজন বৃদ্ধি পায়। এই ছাগলগুলো হাত বদল হলে অথবা নতুন খামারে নিয়ে গেলে অন্যান্য উন্নত জাতের ছাগলের মতোই প্রথম কিছুদিন খাবারে ঝামেলা করে, ঠিকমতো খাবার খেতে চায়না। 

তাহলে সারাংশ যেটা দাঁড়ালো:

১. বিটল ওজন বৃদ্ধিতে বিশ্বের ২য় স্থানে বলা যায়।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম।

৩. এটি পালনের জন্য উন্নত পরিবেশ দরকার।

৪. মেডিসিন খরচ অন্যন্য উন্নত জাতের মতোই।

৫. প্রজনন ক্ষমতা ভালো।

৬. এটি পালন করা সহজ তবে আচরণে কেমন যেন একটা জমিদারী ভাব আছে। 😂

 ৭. দুধ উৎপাদনে এটি অন্য অন্য ছাগলের চেয়ে অনেকটা এগিয়ে।

৮. উচ্চতায় সবচেয়ে বেশি 

ভালো মানের বিটল ছাগল এটাও অত্যন্ত ব্যয়বহুল। একটি ভালো ব্লাড লাইনের বিটল ছাগল ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এটি মূলত পাকিস্তান এবং ইন্ডিয়ার সম্মিলিত একটি ছাগলের জাত তবে এগুলো বাংলাদেশে “বি এবং সি” গ্রেটের বিটল ছাগল ৬০ হাজার থেকে শুরু করে ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। “এ”  গ্রেডের একটি ছোট ছাগল নিতে গেলেও আপনাকে দেড় লাখ টাকার বেশি গুনতে হবে। এটি বাংলাদেশের বেশ কিছু খামারে রয়েছে এর মধ্যে ফেরিওয়ালা এগ্রো ফার্ম অর্থাৎ আমার ফার্মেও কয়েকটা রয়েছে। এটি বৃহৎ আকারের হবার কারণে বিশেষ করে পাঠা এবং খাসি ছাগল কুরবানী ঈদ ও বিভিন্ন অনুষ্ঠানে খুব মনোযোগ আকর্ষণ করে এবং কয়েক লক্ষ টাকায় সহজেই বিক্রি করা যায়। একটি ছাগল সর্বোচ্চ ৩১৪ কেজি পর্যন্ত হয়েছে অর্থাৎ ৭.৮৫ মন বা ৮ মনের কাছাকাছি। বুঝতে পারছেন এটি একটি বড় মাপের গরুর সমান হতে পারে।

আপনি যদি একটি স্মার্ট বা প্রো লেভেলের খামার করতে চান তবে এটি হতে পারে আপনার প্রথম পছন্দ।

হারিয়ানা কোটা (Kota) ছাগল 

হারিয়ানা কোটা ছাগল দেখতে চমৎকার আকর্ষণীয় একটি ছাগল। আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি ছাগল। দেড় ফুট লম্বা কান পা এবং মুখের সামনে দিয়ে সোনালী রংয়ের বর্ডার, পেঁচানো শিং দেখতে চমৎকার লাগে। ছাগলের সর্বোচ্চ ওজনের রেকর্ড ১৭৩ কেজি এবং দৈনিক সর্বোচ্চ দুধ উৎপাদনের রেকর্ড প্রায় ৪ থেকে ৪.৫ কেজি পর্যন্ত হয়েছে।

সাধারণ খামারে একটি পূর্ণবয়স্ক পুরুষ কোটা ছাগলের গড় ওজন ৫০ থেকে ৭০ কেজি এবং মেয়ে ছাগলের গড় ওজন ৪০ থেকে ৪৫ কেজি হয় তবে পাঠা ছাগলগুলো ভালো খাবারে খুব সহজেই ১০০ থেকে ১২০ কেজি ওজনে নিয়ে আসা যায়। এছাড়া ১৫০ কেজির ওজনের ছাগল তৈরি করতেও খুব একটা কষ্ট পোহাতে হয় না। এবং এই জাতের বিশেষ করে পাঁঠা ছাগলের বাজারে প্রচুর চাহিদা রয়েছে এবং শেষ পর্যন্ত থাকবে, এর একটি যৌক্তিক কারণ রয়েছে তবে সেটা বলা আমার জন্য উচিত হবে না।

কোটা ছাগলের খাবারের রুচি যথেষ্ট ভালো এবং খাবার খেতে খুব একটা বাছা-বাছি করে না। এই ছাগল পালনেও উন্নত খাবার পরিবেশ ও নিয়মিত চিকিৎসা সেবা দেওয়ার প্রয়োজন পড়ে, তবে এটি সাধারণ পরিবেশেও নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, সেক্ষেত্রে গ্রথ তুলনামূলকভাবে কম বাড়ে। ভালো খাবার ব্যবস্থা থাকলে এটি প্রতিদিন ৮০ থেকে ১৩৫ গ্রাম পর্যন্ত ওজন অর্জন করতে পারে। এর রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো এবং মেডিসিন দিলে সেটা দ্রুত কাজ করে।

এই জাতের ছাগল কোন রোগে আক্রান্ত হলে সঠিক চিকিৎসায় এটি খুব দ্রুত রিকভার করে উঠতে পারে। এটির প্রজনন ক্ষমতা যথেষ্ট ভালো, প্রতি প্রজননে ২টি করে বাচ্চা দেয় তবে মাঝে মাঝে ৩টি করেও বাচ্চা দেয়। সবকিছু ঠিকঠাক থাকলেও এর স্বভাবগত একটি দোষ আছে সেটি হল: এটি প্রচুর হিংসুটে! 😂 এটা সুযোগ পেলেই অকারণেই আরেকজনের পিছনে গিয়ে গুতা মারবে। খাবারের সময় সব সময় নিজের অগ্রাধিকার চায়। তবে বোয়ার জাতের ছাগলকে এরা বস মানে, ভুলেও তার সাথে মারামারি করতে যায় না। কারণ বোয়ার ছাগল বেয়াদবি মোটেও পছন্দ করে না, কেউ বেয়াদবি করলেই তাকে থাপ্পড় মারে! 😂 বোয়ার ছাগল যেখানে থাকবে সেখানে অন্য জাতের ছাগলদের নম্র ভদ্রতার ভ্যাট ট্যাক্স দিয়ে চলতে হয়।😅

তাহলে সারাংশ যেটা দাঁড়ালো 

১. হারিয়ানা কোটা ছাগল ওজন বৃদ্ধিতে এয়াভারেজ তবে খাসী বা পাঠা ছাগলের ওজন দ্রুত বৃদ্ধি হয়।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো।

৩. যে কোনো পরিবেশেই এটা পালন করা যায়।

৪. মেডিসিন খরচ অন্যন্য উন্নত জাতের মতোই।

৫. প্রজনন ক্ষমতা অনেক ভালো।

৬. এটি পালন করা সহজ তবে পাঠা ছাগল অত্যান্ত শক্তিশালী।

 ৭. দুধ উৎপাদনে অনেকটা এগিয়ে।

৮. উচ্চতায় বিটলের পরেই এটার অবস্থান বলা যায়।

এটা ভালো মানের ছাগল ৭০ হাজার থেকে ১.৩ লাখ টাকার মধ্যে পাওয়া যায় তবে ভালো মানের পাঠা ছাগল নিতে গেলে ১.৫-২ লাখ টাকা গুনতে হবে। ছোট ও মাঝারি মূল্যের খাসি ছাগল তৈরি করার জন্য এই জাতের ছাগল বেস্ট অপশন।

এবার চলুন আলোচনা করা যাক সাধের ব্লাক বেঙ্গল আর তোতাপুরি নিয়ে।

ব্লাক বেঙ্গল বাংলাদেশের একটি প্রচীনতম ছাগলের জাত এবং একসময় সু-স্বাদু মাংসের জন্য বেশ প্রশংসীত ছিল তবে বর্তমানে চিত্র ভিন্ন। এই জাতের ছাগল পালন খুব সহজ কারণ এটা যে কোনো নোংরা পরিবেশেই পালন করা যায়। 

একটি পূর্ণবয়স্ক ব্ল্যাক বেঙ্গল ছাগলের সর্বোচ্চ ওজন ৩০ থেকে ৩২ কেজি পর্যন্ত হতে পারে। গড় ওজন: ছাগীর ওজন ১৫-২০ কেজি এবং পাঠার ওজন ২৫-৩০ কেজি (সর্বোচ্চ ৩০-৩২ কেজি)। এদের সাধারণ দৈনিক ওজন বৃদ্ধির হার ২০ থেকে ৪০ গ্রাম, বছরে একটি ব্লাক বেঙ্গল সর্বোচ্চ ১৩/১৫ কেজি ওজন অর্জন করে যা পৃথিবীর সবচেয়ে নিম্ন লেভেলের।  এবং এরা প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ মিলিলিটার বা প্রায় ১ কাপের মতো দুধ দেয় যা তার বাচ্চার জন্য যথেষ্ট নয়। নবজাতক বাচ্চার ওজন সাধারণত ০.৫ থেকে ১.০ কেজি হয় যেখানে উন্নত জাতের একটা বাচ্চার ওজন  হয় ৪/৫ কেজি।ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বাচ্চা উৎপাদনে সবচেয়ে এগিয়ে, প্রতি প্রজননে ৩/৪/৫/৬টা করে বাচ্চা দেয়।

এবার আসুন যোক্তিক আলোচনায়ঃ

একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি উন্নত জাতের ছাগলের চেয়ে বেশি খাবার খেয়ে বছরে মাত্র ১৩/১৫ কেজি ওজন অর্জন করে তাহলে বাণিজ্যিক ফার্মের জন্য বাছাই পর্বেই এটা বাদ পরে যায়।

৭১`রের মত কিছু চেতনাধারী মানুষ যুক্তি দেখায় যে এটা ৩/৪/৫/৬টা করে বাচ্চা দেয় তাই লাভ বেশি। হ্যাঁ তাদের এই দাবী সঠিক যে এটা ৩/৪/৫/৬টা করে বাচ্চা দেয় কিন্তু এটাই সবচেয়ে বড় ক্ষতির কারণ!

এটা বাচ্চা দেয় ৩/৪/৫/৬টা এটা হলো সবচেয়ে বাজে গুণ! বাজে গুণ কেন বললাম? একটু মাথা খাটিয়ে ভেবে দেখুন যে একটা মানুষের যখন জমজ বা ২টা বাচ্চা হয় তখন কি সেই বাচ্চা গুলো স্বাভাবিক বাচ্চার মতোই সুস্থ্য হয়? মোটেও নয়, জমজ বাচ্চা হলেই দেখবেন বাচ্চা আইসিউতে নিতে হয়েছে! অসুস্থ রোগাক্রান্ত ও দুর্বল এবং ঠিক মতো মায়ের বুকের দুধ পায়না। ঠিক একই ভাবে যখন ব্ল্যাক বেঙ্গল ৩/৪টা করে বাচ্চা দেয় তখন বাচ্চা গুলোর ওজন হয় গড়ে ৫০০ গ্রাম করে অত্যান্ত দুর্বল ও রোগাক্রান্ত। এক কাপ বা ২৫০ মিলি দুধ দিয়ে যেখানে একটা বাচ্চার দুধের চাহিদা মেটানো যায় না সেখানে ৩/৪ টা ছাগলের দুধের চাহিদা কিভাবে মিটাবে? এবং পর্যাপ্ত দুধের অভাবে পুষ্টিহীনতায় মোট বাচ্চার অর্ধেকের মতো ছাগলের বাচ্চা মারা যায়। এছাড়া যদি ৪টা বাচ্চা বেঁচেও থাকে তাহলে খুব ভালো খাবার খাওয়ালে এক বছরে সর্বোচ্চ ওজন পাবেন ৪ বাচ্চা *১৩/১৫ কেজি = ৫৬/৬০ কেজি যেখানে উন্নত জাতের ২টা বাচ্চা বছরে ওজন দিবে কম করে হলেও ২বাচ্চা*৫০ কেজি= ১০০ কেজি। বাণিজ্যিক খামারে ব্লাক বেঙ্গল ছাগলে লসের সম্ভাবনা ১০০ ভাগ। এখানে বাচ্চা বেশি দিয়ে লাভ করার যুক্তি ফ্লপ হয়ে গেল!

এবার ঐ চেতনা বাজরা আবার যুক্তি দেখাবে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী এবং মাংস খুব সু-স্বাদু! 

তাদের এই দাবী সামান্য কিছুটা যৌক্তিক তবে যথেষ্ট শক্তিশালী নয়। ব্লাক বেঙ্গল ছাগল আগের যুগের গ্রামের সাধারণ মানুষ মাঠে চরিয়ে ঘাস খাওয়াতো আর প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা লতাপাতা ঘাস আসলেই খুব শক্তিশালী ছিল, তাই ঐ সময়ের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষ্মতাও বেশি ছিল এবং মাংস ছিল সু-স্বাদু। ঐ যুগের মানুষ গুলো প্রায় ১০০/১১০/১২০ বছর বেঁচে থাকতো কিন্তু আপনি যিনি এই লেখা পড়ছেন তাদের গড় আয়ু এসে দাঁড়িয়েছে ৬০/৬৬ বছর যা ঐ যুগের মানুষের জীবন কালের অর্ধেক।

ঠিক একই ভাবে বর্তমান এন্টিবায়োটিক মেডিসিন, শব্দ বায়ু আর পরিবেশ দূষণের যুগে আপনি ঐ যুগের রোগ প্রতিরোধের সাথে বর্তমানের তুলনা করতে পারবেন না। আপনি ফার্ম করতে গেলে অবশ্যই আপনাকে ঘাস চাস করতে হবে। এখন রাসায়নিক সার দিয়ে ঘাস চাষ করে আপনি কখনোই দাবী করতে পারবেন না যে, আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি আর মাংস সু-স্বাদু! এছাড়া বর্তমানে প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা ঘাস পাওয়া যায় না বললেই চলে। কসাইয়ের দোকান থেকে আপনি যখন মাংস কিনেন তখন কি এটা দেখে নেন যে এটা ব্লাক বেঙ্গলের মাংস কি না? স্বাদ বেশি হবে কি না আর দিবে আপনাকে সেই গ্যারান্টি? আপনি যদি বিজ্ঞান ভালো জেনে থাকেন তাহলে এই বিষয় গুলো বোঝা আপনার জন্য খুবই সহজ।

চেতনা থেকে বেরিয়ে না আসতে পারলে বাংলাদেশের উন্নতির মতোই হবে আপনার ফার্মের লাভ বা উন্নতি! দেশের উন্নতির টাকা যেমন থাকে লন্ডনে আমেরিকা ইন্ডিয়া মালয়েশিয়া আর সুইস ব্যাংকে ঠিক তেমনি আপনার ফার্মের উন্নতির টাকাও থাকবে ছাগলের লাদিতে, ভুষির দোকানে, ডাক্তার আর ফার্মেসীর পকেটে।

একটা সময় মানুষ গরু গাড়ি নিয়ে বিয়ে করতে যেত সেটা ভুল নয়, এটা ঐ সময়ের জন্য সঠিক যাতায়াত ব্যবস্থা ছিল কিন্তু বর্তমান দ্রুতযান ট্রেন বাস আর হেলিকাপ্টারের যুগে গরুর গাড়ী হাস্যকর ছাড়া আর কিছুই নয় ঠিক তেমনি ব্লাক বেঙ্গলও বর্তমান যুগের সাথে যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *